সদর দক্ষিণ নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৬, ৬:৩১:৩৬ অপরাহ্ন
সিলেট নগরীর দক্ষিণাংশ ও দক্ষিণ সুরমা উপজেলা এলাকায় অসহনীয় যানজট নিরসনে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’। একই সঙ্গে মাদক ব্যবসা, তীর-জুয়া, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং নদী-খাল উদ্ধার করে পানি নিষ্কাশন ব্যবস্থা আধুনিকায়নের দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার রাতে নগরীর স্টেশন রোডস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের বর্ধিত সভায় এসব দাবি ও সুপারিশসংবলিত প্রস্তাব গ্রহণ করা হয়।
সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, বেপরোয়া পরিবহন শ্রমিকদের আইন না মানার প্রবণতার কারণে দক্ষিণ সুরমায় যানজট ভয়াবহ আকার ধারণ করেছে। অপরিসর স্টেশন রোডের ফুটপাত দখল এবং সড়ক নিয়ন্ত্রণ কমিটির (আরটিএ) সিদ্ধান্ত অমান্য করে বড় আকৃতির যানবাহন চলাচলের ফলে নগরীর প্রবেশমুখে প্রতিনিয়ত দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নগুলোর দায়িত্বশীল ব্যক্তিদের এ বিষয়ে কার্যকর ভূমিকা দৃশ্যমান নয়। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে জনস্বার্থে দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
সভায় অপর এক প্রস্তাবে দক্ষিণ সুরমা এলাকায় চলমান মাদক ব্যবসা, অবাধ তীর-জুয়া, চুরি-ছিনতাই ও পুলিশ অ্যাসল্টসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
সাংগঠনিক প্রস্তাবে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সংগঠনের অন্যতম উপদেষ্টা শিল্পপতি হুমায়ুন আহমেদ এবং আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও জালালপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিনের আশু সুস্থতা কামনা করা হয়।
সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেটের আহ্বায়ক আব্দুল আহাদের সভাপতিত্বে এবং সদস্যসচিব চঞ্চল মাহমুদ ফুলরের পরিচালনায় সভায় আলোচনায় অংশ নেন ফরিদুর রহমান, আব্দুল মালেক তালুকদার, জাহাঙ্গীর খান, নুরুল ইসলাম সুমন, শেখ মো. লায়েক মিয়া, দিলোয়ার হোসেন রানা, সেলিম আহমদ শেমিম, মো. খলিল মিয়া ও আনোয়ার হোসেন জুবায়ের প্রমুখ। বিজ্ঞপ্তি




