নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৬, ৭:৫১:৩০ অপরাহ্ন
সিলেটে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর, স্কুল অব সায়েন্সের ডিন ও এমপিএইচ বিভাগের প্রধান প্রফেসর ডা. রনজিত কুমার দে।
এনইইউবি স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ও ইংরেজি বিভাগের শিক্ষক সঞ্জয় বৈষ্ণবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ শামসুল কবির, স্কুল অব বিজনেসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরী, এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. লিয়াকত আলী শাহ ফরিদী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. রনজিত কুমার দে বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা তৈরি হয়। পড়াশোনার পাশাপাশি মানসিক ও শারীরিক সুস্থতার জন্য শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার চর্চা অব্যাহত রাখা প্রয়োজন। তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, খেলাধুলায় হার-জিত থাকবেই। তবে মূল বিষয় হলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এবং নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ তৈরি করা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তাহমিল আহমেদ। স্পোর্টস ক্লাবের সাংগঠনিক সম্পাদক তামিম হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান।
প্রতিযোগিতায় ক্রিকেট, ফুটবল, দাবা, পেনাল্টি শুটআউট, ডার্টবোর্ড, ক্যারম, লুডু, উনো, ডমিনোস, বল বাস্কেট ও পিলো পাসিংসহ মোট ১১টি ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসব ইভেন্টে সর্বমোট ৬০ জন বিজয়ী পুরস্কার গ্রহণ করেন। বিজ্ঞপ্তি





