সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৪:৪২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬১ জনে। একই সময়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে মারা গেছেন দুজন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১৩ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চারজন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, হবিগঞ্জ সদর হাসপাতালে দুজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে দুজন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে তিনজন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ২৬১ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ৪৯, সুনামগঞ্জে ৫৯, হবিগঞ্জে ১১৫ এবং মৌলভীবাজারে ২৭ জন। এছাড়া অন্য জেলা থেকে এসে চিকিৎসা নেওয়া ১১ জন রয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আটজন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে তিনজন, হবিগঞ্জ সদর হাসপাতালে একজন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ছয়জন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে চারজন ভর্তি রয়েছেন।
প্রসঙ্গত, চলতি মৌসুমে সর্বশেষ গত ৮ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাসিন্দা কৃষ্ণ দাস (৪৫) মারা যান। এর আগে গত ২ আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আফিয়া খানম (৫৪) নামে এক নারীর মৃত্যু হয়।







