কুরআন-সুন্নাহ বিরোধী আইন পাস করে সরকার জনগণের সাথে প্রতারণা করেছে : ফখরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৬, ৮:১২:৫৫ অপরাহ্ন
সদর উপজেলার অনন্তপুরে জামায়াতের দাওয়াতী সভা

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জামায়াত কুরআন-সুন্নাহের আলোকে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। সমাজের সর্বস্তরে নৈতিকতা, সততা ও জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে শান্তিপূর্ণ, কল্যাণমুখী মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চায়। জামায়াতের এই পথচলা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, বিএনপি সরকার ধর্মীয় বিধান উপেক্ষা করে জাতীয় সংসদে কুরআন-সুন্নাহবিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন পাস করে ধর্মপ্রাণ মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। মহান আল্লাহ পাক রাব্বুল আল-আমীন ওসিয়ত ও সম্পত্তির উত্তরাধিকার-বণ্টনের বিধান নির্ধারণ করে দিয়েছেন। অথচ নির্বাচনের আগে বিএনপি কুরআন-সুন্নাহবিরোধী আইন না করার প্রতিশ্রুতি দিয়ে, ক্ষমতায় গিয়ে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। অবিলম্বে কুরআন-সুন্নাহ বিরোধী এই আইন বাতিল করতে হবে।
তিনি বুধবার কেন্দ্র ঘোষিত মাসব্যাপী দাওয়াতী গণসংযোগ কর্মসুচীর অংশ হিসেবে সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাও ইউনিয়নের অনন্তপুরে জামায়াত আয়োজিত দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
কান্দিগাও ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি জসিম উদদীনের সভাপতিত্বে ও ইউনিয়ন নায়েবে আমীর মখলিসুর রহমান ইমরানের পরচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা আমীর নাজির উদ্দিন ও কান্দিগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো আমিনুর রহমান ও ইউনিয়ন সেক্রেটারী আব্দুল কাইয়ুম প্রমূখ।
সভায় কান্দিগাও ইউনিয়ন ও ৯নং ওয়ার্ড জামায়াতের বিভিন্ন স্তরের জনশক্তি উপস্থিত ছিলেন। নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে দাওয়াতী সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সহযোগি সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। বিজ্ঞপ্তি






