সাংবাদিক মুহিব হাসানের পিতৃবিয়োগ
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৭:১১ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত এবং দৈনিক জালালাবাদের প্রতিনিধি মো. মুহিব হাসানের বাবা মো. ইয়াওর উদ্দিন (৯৫) ইন্তেকাল করেছেন।
শুক্রবার রাত ৩টা ৫৫ মিনিটে নবীগঞ্জ উপজেলার পানিউম্দা গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে পানিউম্দা মোকামবাড়ি কবরস্থানসংলগ্ন মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মোকামবাড়ি কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
জানাজার আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন নবীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মহসিন আহমদ, টঙ্গীটিলা মাদরাসার সুপার মুফতি মাওলানা শাহ রিয়াজ, মাওলানা আব্দুল মুমিন এবং মরহুমের ছেলে ও পানিউম্দা ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি কাওছার আলম। জানাজায় ইমামতি করেন মরহুমের ছেলে সাংবাদিক মো. মুহিব হাসান।
মরহুম মো. ইয়াওর উদ্দিন জীবদ্দশায় দীর্ঘদিন পানিউম্দা টঙ্গীটিলা জামে মসজিদের অবৈতনিক মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।







