হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:০৭:৩৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের, আরেকজন চট্টগ্রামের। রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় দেশে হাম শনাক্ত হয়েছ ৬৩ জনের শরীরে। স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে।
সরকারি হিসাবে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯২২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ হারিয়েছে এক হাজার ২২ জন। হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪১৫ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৫৭ জন। এছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭০, বরিশালে ৫৭, খুলনায় ৩৯ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরও ৯০৫ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ভর্তি হয়েছেন ৮২২ জন। ঢাকা বিভাগে ভর্তি ৩৭৩ জন, চট্টগ্রামে ১৬৬, সিলেটে ১৬, বরিশালে ৭৮, খুলনায় ৭৪, ময়মনসিংহে ৫৭, রাজশাহীতে ৩১ ও রংপুরে ২৭ জন। এ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫১ হাজার ২৪। তাদের মধ্যে ১ লাখ ৪৫ হাজার ২৫২ জন হাসপাতাল ছেড়েছে।
আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৫৪৩। হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ২০ হাজার ৬৯। হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর সঠিক সংখ্যা পাওয়া যায় না।






