অন্যের ট্রেড লাইসেন্সে ব্যবসা জুতার দোকান সিলগালা
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫২:০০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর জিন্দাবাজারে অন্য প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, সাইনবোর্ড ও ক্যাশমেমোসহ বিভিন্ন কাগজপত্র ব্যবহারের অভিযোগে ‘স্টেপ’ নামের একটি জুতার দোকান সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে জিন্দাবাজারের মিতালি ম্যানশনে অভিযান চালিয়ে দোকানটি সিলগালা করা হয়। অভিযানে ‘স্টেপ’-এর ব্যবহৃত ট্রেড লাইসেন্স, লোগো, ক্যাশমেমোসহ বিভিন্ন কাগজপত্র ‘পায়ে পায়ে’ নামের আরেকটি জুতার দোকানের পাওয়া যায়।
এবিষয়ে জিজ্ঞাসাবাদে ‘স্টেপ’ কর্তৃপক্ষ সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে না পারায় তাৎক্ষণিকভাবে দোকানটি সিলগালা করা হয়। ুঅভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। তাকে সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশের একটি দল।
দোকান সিলগালার বিষয়টি নিশ্চিত করে দেবানন্দ সিনহা জানান, ‘স্টেপ’ কর্তৃপক্ষকে তিন দিনের সময় দেওয়া হয়েছে। এসময়ের মধ্যে যথাযথ কাগজপত্র ও প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে পারলে দোকানটি খুলে দেওয়া হবে।





