জেলা ও মহানগর যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৯:১৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে পাঁচ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। রোবববার বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
সিলেট জেলা যুবদলের কমিটিতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম টিপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদ, সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল এবং সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব।
অন্যদিকে, মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি ও দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করে সিলেট মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদী প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ।
কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা ও মহানগর কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।





