গোয়াইনঘাটে ঝরে পড়া ৪ কিশোর ফিরল স্কুলে
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:১১:৪৫ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: পারিবারিক অসচ্ছলতা ও দারিদ্র্যের কারণে বিদ্যালয় থেকে ঝরে পড়ে শিশুশ্রমে যুক্ত হওয়া চার কিশোর ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় আবারও বিদ্যালয়ে ফিরেছে। এতে তাদের মধ্যে নতুন করে স্বপ্ন দেখার প্রত্যয় তৈরি হয়েছে।
গোয়াইনঘাট উপজেলার দ্বারিখেল গ্রামের নজরুল ইসলাম, জাফলং গুচ্ছগ্রামের রেজাউল করীম, পাঁচপাড়া গ্রামের মাহবুবর রহমান ও জাফলং গুচ্ছগ্রামের সখিনা পরিবারের আর্থিক সংকটের কারণে মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা ছেড়ে শিশুশ্রমে যুক্ত হয়েছিল।
বিষয়টি মাঠপর্যায়ে কাজ করা ওয়ার্ল্ড ভিশনের কর্মীদের নজরে আসে। পরে তারা গোয়াইন এপি কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। সংস্থার কর্মীরা অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে সন্তানদের বিদ্যালয়ে ফিরিয়ে আনার বিষয়ে তাদের উদ্বুদ্ধ করেন এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করেন। পরে চার শিক্ষার্থীকে পুনরায় বিদ্যালয়ে ভর্তি করা হয়।
বিদ্যালয়ে ফিরে রেজাউল, নজরুল, মাহবুব ও সখিনার মুখে এখন আনন্দের হাসি। আবারও স্কুলব্যাগ কাঁধে সহপাঠীদের সঙ্গে বিদ্যালয়ে যাওয়ার সুযোগ তাদের মনোবল বাড়িয়েছে। ভবিষ্যতের প্রতিকূলতা মোকাবিলা করে নিজেদের প্রতিষ্ঠিত করা এবং পরিবারের মুখে হাসি ফোটানোর প্রত্যয় ব্যক্ত করেছে তারা।
ওয়ার্ল্ড ভিশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনার পাশাপাশি দারিদ্র্েযর কারণে শিশুশ্রমে জড়িয়ে পড়া রোধেও এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






