বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’-এ সিকৃবির অংশগ্রহণ
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৫:১২ অপরাহ্ন

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ অংশ নিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)। রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। শনিবার মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
মেলায় সিকৃবির বিভিন্ন উদ্ভাবিত প্রযুক্তি ও গবেষণা কার্যক্রম নিয়ে একটি স্টল স্থাপন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের গবেষকদের ১৪টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করা হয়। পাশাপাশি কৃষিপণ্য, প্রাণীস্বাস্থ্য, মৎস্যসম্পদ ও কৃষি প্রযুক্তিসংশ্লিষ্ট বিভিন্ন উদ্ভাবন এবং বৈজ্ঞানিক পোস্টার প্রদর্শন করা হয়।
মেলায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণা কার্যক্রম দর্শনার্থীদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ সিকৃবি অংশগ্রহণ করতে পারায় তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে একাডেমিক গবেষণাকে বাস্তব প্রয়োগ ও বাণিজ্যিকীকরণের পথে এগিয়ে নিতে সিকৃবি বদ্ধপরিকর।
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ সিকৃবির ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক প্রফেসর ড. মো. সামিউল আহসান তালুকদার।
মেলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গবেষক, বিজ্ঞানী, শিক্ষার্থী ও দর্শনার্থীরা সিকৃবির স্টল পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
উল্লেখ্য, এবারের আয়োজনে এক হাজারের বেশি উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে। উদ্ভাবক, গবেষক, উদ্যোক্তা, শিল্পপ্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের মধ্যে সংযোগ তৈরির পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনকে শিল্প ও বাজারের সঙ্গে যুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আয়োজক সংশ্লিষ্টরা জানান, মেলায় সিকৃবির অংশগ্রহণ জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম তুলে ধরার পাশাপাশি গবেষণালব্ধ প্রযুক্তির বাস্তব প্রয়োগ ও বাণিজ্যিকীকরণের নতুন সুযোগ তৈরি করেছে। বিজ্ঞপ্তি







