এসএমপি কমিশনারের এয়ারপোর্ট ও দুই মাজারে নিরাপত্তা পরিদর্শন
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৪:১৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফরকে কেন্দ্র করে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সফরের আগেরদিন সোমবার (১৪ সেপ্টেম্বর) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এবং হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
তিনি সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন। এসময় তিনি বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিমানবন্দর কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করেন।
দুপুর ১২টায় হযরত শাহজালাল (রহ.)-এর মাজার পরিদর্শন করেন তিনি। মাজার ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি রাষ্ট্রপতির ভিভিআইপি মুভমেন্ট নির্বিঘ্ন ও সুশৃঙ্খল রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে এসএমপি কমিশনার বলেন, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে পর্যাপ্ত সংখ্যক পুলিশ কর্মকর্তা ও সদস্য মোতায়েন থাকবে। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করা হবে।
পরে দুপুর ১২টা ৪৫ মিনিটে হযরত শাহপরান (রহ.)-এর মাজার পরিদর্শন করেন পুলিশ কমিশনার। রাষ্ট্রপতির মাজার জিয়ারতকে কেন্দ্র করে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। এসময় এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







