মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে নবীজী (সা.) সীরাত অনুসরণীয় আদর্শ: ড. বাবুল
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৬, ৯:০২:১৭ অপরাহ্ন
তেমুখীতে জামায়াতের সীরাতুন্নবী (সা.) মাহফিল

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সীরাত মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণীয় আদর্শ। তাঁর জীবনে সত্য, ন্যায়, সততা, শৃঙ্খলা, ক্ষমা ও মানুষের প্রতি দায়িত্ববোধের যে অনন্য দৃষ্টান্ত রয়েছে, তা ব্যক্তি চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সীরাতকে শুধু আলোচনা ও আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে দৈনন্দিন জীবনে এর শিক্ষা বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, একটি সুন্দর সমাজ গঠনের সূচনা হয় ব্যক্তির চরিত্র ও পরিবার থেকে। সন্তানদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করা, অন্যের অধিকার সম্পর্কে সচেতন করা এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মহানবী (সা.)-এর জীবন ও চরিত্র সম্পর্কে জানতে এবং তাঁর আদর্শ নিজেদের জীবনে ধারণ করতে উদ্বুদ্ধ করতে হবে। তাহলেই সমাজে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ন্যায়বোধের পরিবেশ গড়ে উঠবে।
তিনি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরীর তেমুখী পয়েন্টে সিলেট মহানগরীর জালালাবাদ থানার ১২নং ওয়ার্ড জামায়াত আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মাহফিলে প্রধান আলোচক আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতী আলী হাসান উসামা। তিনি বলেন, মহানবী (সা.) ছিলেন আদর্শ রাষ্ট্র ও শাসনব্যবস্থার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি ন্যায়বিচার, জবাবদিহিতা, নাগরিকের অধিকার ও মানবিক মর্যাদাকে ভিত্তি করে রাষ্ট্র পরিচালনার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা শাসকদের জন্য অনুসরণীয়। তাঁর প্রতিষ্ঠিত রাষ্ট্রব্যবস্থায় শাসন ও জনগণের সম্পর্ক ছিল দায়িত্ব ও ন্যায়ের ভিত্তিতে গড়ে ওঠা। নবীজী (সা.) এর সীরাত অনুসরণের মাধ্যমে বাংলাদেশে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলনে শামিল হতে হবে।
৩৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ও ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী প্রভাষক দুলাল আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাও. হোসাইন আহমদ ও সহকারী সেক্রেটারি মাও. ইমরান আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী, অধ্যক্ষ মাও: লুৎফুর রহমান হুমায়দী, সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন, ছাতক সিমেন্ট ফ্যাক্টরী জামে মসজিদের ইমাম ও খতিব কারী মাওলানা মুজিবুর রহমান ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কুমারগাও এলাকার বিশিষ্ট মুরব্বী হিরা মিয়া, মোনাফ মিয়া ও শেখপাড়ার বিশিষ্ট মুরব্বী বাবুল মিয়া, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল লতিফ লালা, জালালাবাদ থানা সেক্রেটারী মাওলানা জুনাইদ আল হাবীব, ৯নং ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী অ্যাডভোকেট আজিম উদ্দিন, জালালাবাদ থানা সহকারী সেক্রেটারী উবায়দুল হক শাহীন, আশফাকুর রহমান আনাস, শাবিপ্রবি ছাত্রশিবির সভাপতি মাসুদ রানা তুহিন, কান্দিগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ, ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মইনুল ইসলাম চুন্নু, ৩৯নং ওয়ার্ড সভাপতি ফয়সাল আহমদ, ৩৮নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি শামসুল হক, ৩৮নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহ জিতু মুন্না প্রমূখ। মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি






