সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৬৮
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৯:০৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে ফের মৃত্যুহীন এক দিন পার হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ১৬৮ জন। এনিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯৩ জনে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে সন্দেহজনক হাম ও উপসর্গ নিয়ে ১৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬১ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮৪ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৯ জন এবং জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫৯৩ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৫৮ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬২ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ২৩ জন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, বিয়ানীবাজারে ৩ জন, গোলাপগঞ্জে ৪ জন, ফেঞ্চুগঞ্জে ২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৭ জন, ধর্মপাশায় ১ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩০ জন চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে কোনো মৃত্যু না হওয়ায় চলতি বছরে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা আগের দিনের মতোই ১৭২ জনে রয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৬২ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে।
জেলা হিসেবে এ পর্যন্ত সিলেটে ৬৭, হবিগঞ্জে ২৪, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৬ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৩ জন। এর মধ্যে সিলেটে ৩৮৫, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি।






