সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫:০৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি। বুধবার ভোরে সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। এসময় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধীন প্রতাপপুর বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজ, ১২০ বোতল মদসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ ৬৩ হাজার ৩৩০ টাকা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
তিনি বলেন, বর্তমানে দেশে বিপুল পরিমাণ দেশীয় পেঁয়াজ উৎপাদিত হওয়ায় সীমান্ত দিয়ে ভারতীয় পেঁয়াজ অবৈধভাবে প্রবেশ করলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। প্রান্তিক কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে ভারত থেকে অবৈধভাবে পেঁয়াজসহ বিভিন্ন পণ্য প্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত পণ্যের বিষয়ে আইন ও প্রচলিত বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধিন।





