বাসের পর বাড়ল লঞ্চের ভাড়াও
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৮:১৪ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের সড়ক ও নৌপথে যাত্রী পরিবহনের খরচ বেড়েছে। বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা পর্যন্ত বাড়ানোর পর এবার যাত্রীবাহী লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বে প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাস ভাড়া বাড়ানো হয়েছে। নৌপথে যাতায়াতের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বাস ও মিনিবাসের নতুন ভাড়ার হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। সহকারী সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন ভাড়া মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ভাড়া যাত্রীপ্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে। আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া যাত্রীপ্রতি কিলোমিটারে ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০ টাকা ও ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আরামদায়ক ভ্রমণের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদিত আসনসংখ্যা কমিয়ে কোনো বাস বা মিনিবাসে আসন পুনর্বিন্যাস করা হলে নির্ধারিত ভাড়া আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষ (বিআরটিএ) অথবা সংশ্লিষ্ট যাত্রী ও পণ্য পরিবহন কমিটির কাছ থেকে আনুপাতিক ভাড়ার হার অনুমোদন করিয়ে নিতে হবে।
তবে নতুন নির্ধারিত ভাড়ার হার গ্যাসচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। একই সঙ্গে প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা বাধ্যতামূলকভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, বুধবার দুপুরে লঞ্চ মালিকদের সঙ্গে এক ত্রিপক্ষীয় বৈঠক শেষে যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। নতুন হার অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের পরবর্তী দূরত্বে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়বে। পাশাপাশি নৌপথে যাতায়াতের সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে জ্বালানি তেলের নতুন দর ঘোষণার পর লঞ্চ মালিকদের সংগঠন ভাড়া ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব দিয়েছিল। তবে ত্রিপক্ষীয় বৈঠকের পর আলোচনার ভিত্তিতে প্রতি কিলোমিটারে নির্দিষ্ট হারে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের পর একসঙ্গে সড়ক ও নৌপথের যাত্রী পরিবহনের ভাড়া বাড়ায় সাধারণ যাত্রীদের পরিবহন ব্যয় আরও বাড়বে।





