গোয়াইনঘাট পরিবার পরিকল্পনা অফিসে নানা সংকট
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৮:১৫ অপরাহ্ন
* সেবা নেই, আছে শুধু পরামর্শ

Oplus_131072
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দীর্ঘদিন ধরে জনবল ও ওষুধ সংকটে পরিবার পরিকল্পনা ও সাধারণ স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। প্রায় দুই বছর ধরে উপজেলার সাতটি পরিবার কল্যাণকেন্দ্রে পর্যাপ্ত সেবা সামগ্রী ও জনবল না থাকায় সেবাগ্রহীতারা ভোগান্তিতে পড়েছেন।
বিশেষ করে মেডিকেল ক্যাম্প বন্ধ থাকায় স্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ থেকে সেবাগ্রহীতারা বঞ্চিত হচ্ছেন। বিভিন্ন প্রয়োজনীয় সেবা সামগ্রীর সংকটের পাশাপাশি চিকিৎসাসেবার জন্য প্রয়োজনীয় ওষুধেরও ঘাটতি রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গোয়াইনঘাট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বদরুল ইসলাম জানান, চলতি বছরের মে মাসে সাধারণ সেবার কিছু ওষুধ পাওয়া গেছে, যা নভেম্বর পর্যন্ত চলতে পারে। এর আগে প্রায় দুই বছর পরিবার পরিকল্পনা ও সাধারণ সেবার কোনো সামগ্রী পাওয়া যায়নি বলে তিনি জানান।
তিনি বলেন, মেডিকেল ক্যাম্প না থাকায় স্থায়ী পদ্ধতি গ্রহণের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে সেবাগ্রহীতাদের পরামর্শ দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় কিছু পদ্ধতি সামগ্রী সেবাগ্রহীতারা নিজেরাই কিনছেন। আগামী এক থেকে দুই মাসের মধ্যে ওষুধের সংকট কিছুটা কাটতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তবে জনবল সংকট থাকলে সেবা দিতে হিমশিম খেতে হবে বলে জানান পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তিনি বলেন, প্রতিটি পরিবার কল্যাণকেন্দ্রে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সাকমো) ও ভিজিটর থাকা জরুরি। অবসরজনিত কারণে কয়েকটি কেন্দ্রে ভিজিটর নেই।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার সাতটি সাকমো পদই দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ভিজিটরের ১০টি পদের মধ্যে পাঁচটি, পরিবার কল্যাণ সহকারীর আটটি এবং আয়ার পাঁচটি পদও শূন্য রয়েছে। এছাড়া একজন ভিজিটর দীর্ঘদিন ধরে নিয়মবহির্ভূতভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।
জনবল সংকটের কারণে কোনো কোনো পরিবার কল্যাণকেন্দ্রের কার্যক্রমও ব্যাহত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, জনবল না থাকায় কয়েকটি কেন্দ্রের আশপাশে অনাকাক্সিক্ষত কর্মকাণ্ডের সুযোগ তৈরি হয়েছে।
এদিকে, গোয়াইনঘাট উপজেলায় এখনো পরিবার পরিকল্পনা বিভাগের নিজস্ব ভবন নির্মিত হয়নি। স্বাস্থ্যকেন্দ্রের উত্তর পাশে একটি ঝুঁকিপূর্ণ ভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বৃষ্টির সময় ভবনটিতে পানি ঢুকে দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয় বলে সংশ্লিষ্টদের অভিযোগ।
তবে পরিবার পরিকল্পনা বিভাগের নিজস্ব নিরাপদ গোডাউনটির ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা হলে দপ্তরের নিজস্ব ভবনের সংকট অনেকটাই দূর হতে পারে বলে সংশ্লিষ্টদের কেউ কেউ মনে করছেন।
একসময় নানা প্রতিকূলতা পেরিয়ে সাফল্যের সঙ্গে কার্যক্রম পরিচালনা করা গোয়াইনঘাট পরিবার পরিকল্পনা বিভাগ বর্তমানে জনবল ও ওষুধ সংকটে পড়েছে। ফলে প্রয়োজনীয় সেবা না পেয়ে অনেক সেবাগ্রহীতাকে শুধু পরামর্শ নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে।
স্থানীয়দের দাবি, দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ, পর্যাপ্ত ওষুধ ও সেবা সামগ্রী সরবরাহ এবং স্থায়ী মেডিকেল ক্যাম্প চালুর মাধ্যমে পরিবার পরিকল্পনা ও সাধারণ স্বাস্থ্যসেবা স্বাভাবিক করা হোক।






