জামালগঞ্জে শতাধিক তালগাছের চারা রোপণ
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫২:৩৯ অপরাহ্ন

জামালগঞ্জ প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি হ্রাসে সুনামগঞ্জের জামালগঞ্জের হালির হাওরের রাস্তার পাশে শতাধিক তালগাছের চারা রোপণ করা হয়েছে।
‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে মঙ্গলবার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের হালির হাওরের সড়কের উভয় পাশে ১০০টি তালগাছের চারা রোপণ করা হয়। বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা এবং সিলেট রেঞ্জের উপমহাপরিচালক ও সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্টের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস, ভূমিক্ষয় রোধ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়তার পাশাপাশি তালগাছের বংশবিস্তার, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যেই এ বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে।
কর্মসূচিতে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, উপজেলা প্রশিক্ষক প্রবেশ সরকার, ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার কমান্ডার এবং সঞ্জীবন প্লাটুনের অন্তর্ভুক্ত ভিডিপি সদস্যরা অংশ নেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ বলেন, তালগাছ আমাদের পরিবেশ ও গ্রামীণ জীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। পরিবেশের ভারসাম্য রক্ষা, ভূমিক্ষয় রোধ এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি তালের রস, শাঁস ও গুড়সহ বিভিন্ন খাদ্যসামগ্রী গ্রামীণ অর্থনীতিতেও অবদান রাখে। রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।





