আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া কামিলকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৪:৩৯ অপরাহ্ন

কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত শেখ জাসিম বিন মুহাম্মদ থামি ১ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১-২০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জনকারী কানাইঘাটের হাফিজ কামরুজ্জামান কামিলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের খালপার গ্রামের খালপার প্রবাসী সমাজ কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।
গ্রামের মুরব্বি মাওলানা মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে এবং মাওলানা লোকমান আহমদ ও মাওলানা কুতুব উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দুল ওয়াহাব। প্রধান অতিথির বক্তব্যে মুফতি আবুল হাসান বলেন, যারা কোরআনকে সম্মান করে, তারা সম্মানিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম, বৈরাগী সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা শিব্বির আহমদ, রাজাগাঁও মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুল্লাহ আনওয়ারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
এ সময় প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য দেন প্রবাসী নেতা সুহেল আহমদ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা, শিক্ষক, জনপ্রতিনিধি ও প্রবাসী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফিজ কামরুজ্জামান কামিলকে নগদ ৫০ হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া সাদিকুর রহমান সাফওয়ান আল-আজহারীকেও সংবর্ধনা দেওয়া হয়। বিজ্ঞপ্তি





