হবিগঞ্জে ভারতীয় মদ ও গরু জব্দ
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৭:৫৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৯টি ভারতীয় গরু ও ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। গত দুইদিনে জব্দকৃত এসব চোরাইপণ্যের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২৯ হাজার টাকা।
বিজিবি সূত্র জানিয়েছে, রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির চিমটিবিল বিওপির টহলদল চুনারুঘাট উপজেলার আমু চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় গরু জব্দ করে। এসব গরুর আনুমানিক মূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) কালেঙ্গা ও তেলিয়াপাড়া বিওপির টহলদল চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী কৃষ্ণছড়া ১৭ নম্বর চা-বাগান ও বনগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করে। এসব মদের আনুমানিক মূল্য ৯৯ হাজার টাকা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল তানজিুলর রহমান জানান, জব্দকৃত ভারতীয় গরু ও মদ বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






