দোয়ারায় বিএনপির বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৪:০২ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি: দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
সোমবার দুপুর ১২টায় দোয়ারাবাজার উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা পরিষদের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্ট প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কলিমউদ্দিন আহমদ মিলন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত সরকারের সময় টেন্ডার ও বিভিন্ন তদবিরের মাধ্যমে যারা অনৈতিকভাবে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করেছেন, তাদের কেউ কেউ বর্তমানে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করছেন বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
সমাবেশে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক নমু ও আব্দুল বারী, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার, সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, উপজেলা যুবদলের আহ্বায়ক বাবু মাধব রায়, সদস্যসচিব জামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক সাহাব উদ্দিন সিহাবসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





