কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও চেষ্টা
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৬, ৮:৫৪:৫১ অপরাহ্ন
বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাংলাদেশের মিশনের সামনে ফের বিক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে| শনিবার বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে বাংলাদেশ মিশন ঘেরাওয়ের কর্মসূচি নেয় বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান| তাদের সঙ্গে যোগ দেয় ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)| এদিন শিয়ালদহ রেলস্টেশন থেকে মিছিল শুরু করে দুই সংগঠন|
এতে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের শতাধিক সন্ন্যাসী ও সন্ন্যাসিনী এবং এনসিপিআইয়ের প্রায় ৬০ জন সমর্থক অংশ নেন|
মিছিলটি বাংলাদেশ মিশনের দিকে এগিয়ে যাওয়ার আগেই নিরাপত্তার জন্য প্রস্তুত ছিল কলকাতা পুলিশ| মিশন থেকে প্রায় ৩০০ গজ দূরে ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেওয়া হয়| এরপর বিক্ষোভকারীদের একাংশ ব্যারিকেড সরিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন|
এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি শুরু হয়| পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাংলাদেশ মিশন সংলগ্ন এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলও বন্ধ হয়ে যায়|
পরে পুলিশ বিক্ষোভকারীদের মিশনের সামনে যেতে বাধা দেয়| পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ মিশনের অনুমতি নিয়ে পাঁচজন প্রতিনিধিকে ভেতরে গিয়ে স্মারকলিপি জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়|
স্মারকলিপিতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিন্ময় প্রভুর মুক্তির দাবি জানানো হয়| স্মারকলিপি জমা দেওয়ার পরও বেশ কিছুক্ষণ মিশনের বাইরে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা| পরে তারা বাংলাদেশ মিশন চত্বর ছেড়ে চলে যান|
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি তৃণমূল কংগ্রেসের কয়েকজন সংসদ সদস্য দল ছাড়ার পর এনসিপিআই নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন| দলটি বর্তমানে বিজেপি জোটের সঙ্গে যুক্ত| শনিবার তাদের একাংশও এই কর্মসূচিতে অংশ নেয়| দুই সংগঠনের যৌথ কর্মসূচি কেন্দ্র করে এদিন ফের উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার বাংলাদেশ মিশন সংলগ্ন এলাকা|





