পার্কভিউ হাসপাতালে কর্মচারীদের আন্দোলন, মারধরের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৬, ৯:০০:৪২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে হামলা, মারধর ও হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে নগরের তালতলা এলাকার হাসপাতাল ভবনে এঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, শনিবার সকাল থেকে হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীরা কর্মবিরতি পালন করে ফটকের সামনে বিক্ষোভ করেন। দুপুরে সেখানে যান সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এসময় কয়েকজন কর্মচারী তাকে ঘিরে ‘ভুয়া ভুয়া’সহ বিভিন্ন স্লোগান দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পরে সেমিনার হলে স্লোগান দেওয়ার অভিযোগে কয়েকজনকে নেওয়া হয় এবং এক কর্মচারীকে পুলিশ আটক করে। কর্মচারীদের অভিযোগ, ওই ব্যক্তি ক্ষমা চাওয়ার পর বহিরাগত কয়েকজন তাকে মারধর করেন। পরে লিফটের সামনেও তাকে মারধর করা হয়। এঘটনায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়।
কর্মচারী আহমদ আল জুবের দাবি করেন, হামলায় তাদের প্রায় ৩০ জন কর্মী আহত হয়েছেন। তবে বিএনপির কেউ হামলায় জড়িত নয় বলে দাবি করেছেন ইমদাদ হোসেন চৌধুরী। তিনি বলেন, কর্মচারীরা হাসপাতাল কর্তৃপক্ষকে উদ্দেশ্য করেই স্লোগান দিয়েছেন এবং বিষয়টি সমাধান করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি খান মো. মঈনুল জাকির বলেন, বেতন বৃদ্ধির দাবিতে কর্মচারীরা কর্মবিরতি পালন করছিলেন। এসময় হাতাহাতির ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বেতন বৃদ্ধিতে সম্মত হয়েছে বলে জানা গেছে।






