হাম-ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৬, ৯:১১:৫৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: দেশে একসঙ্গে হাম ও ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন আরও ছয়জন। অর্থাৎ দুই রোগে এক দিনে প্রাণ হারিয়েছেন ১৪ জন। এ সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০৯ জন এবং ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬০৮ জন।
শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তি ও নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ২১ হাজার ৬৬৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া সন্দেহজনক হাম আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জন। এ সময়ে হাম উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৩ হাজার ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১ হাজার ১০৯ জনের মধ্যে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত কারও মৃত্যু হয়নি। হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ১২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০২ জন এবং সন্দেহজনক হাম উপসর্গে মৃত্যু হয়েছে ১ হাজার ২০ জনের।
অন্যদিকে, দেশে ডেঙ্গু পরিস্থিতিরও অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। নতুন ছয়জনসহ চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৬০৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩৬৯ জনে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৬২১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৪৮২ জন।
চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সেপ্টেম্বরে-১৪৮ জন। এ ছাড়া আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক ডেঙ্গু রোগী ভর্তির হিসাবে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৫২৫ জন। চট্টগ্রামে ৩১৯, খুলনায় ২৭৬, বরিশালে ২১৫, রাজশাহীতে ১৩২, ময়মনসিংহে ৭৯ এবং রংপুরে ৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
একদিকে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বাড়ছে, অন্যদিকে ডেঙ্গুতেও প্রতিদিন নতুন রোগী ও মৃত্যুর ঘটনা ঘটছে। ফলে একই সময়ে দুটি সংক্রামক রোগের চাপ সামলাতে দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।





