জনআকাঙ্খা পূরণে জামায়াত কর্মীদের ময়দানে কার্যকর ভূমিকা রাখতে হবে : ফখরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৬, ৮:৩৮:৩৫ অপরাহ্ন
সিলেট মহানগর জামায়াতের বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জনআকাঙ্খা পূরণে জামায়াত কর্মীদের ময়দানে কার্যকর ভূমিকা রাখতে হবে। এজন্য চূড়ান্ত শপথ গ্রহণের মাধ্যমে দ্বীন কায়েমের লক্ষ্যে ত্যাগের মানসিকতা গড়ে তুলতে হবে। সংগঠনের দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। দুনিয়ামুখী চিন্তার পাশাপাশি পরকালমুখী জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। হালাল রুজির মাধ্যমে নিজেদের মুমিন হিসেবে গড়ে তোলার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও কর্মে ইসলামী আদর্শের প্রতিফলন ঘটাতে হবে।
তিনি বলেন, জামায়াত কর্মীদের যোগ্যতা, নৈতিকতা ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত জ্ঞানচর্চা ও প্রশিক্ষণের বিকল্প নেই। শিক্ষাশিবির থেকে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। সমাজের অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি শুক্রবার সিলেট মহানগর জামায়াত আয়োজিত দিনব্যাপী বাছাইকৃত কর্মী শিক্ষাশিবিরে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নগরীর মদীনামার্কেটস্থ একটি আদর্শ মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে সিলেট মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের বাছাইকৃত কর্মীগণ অংশ নেন।
সিলেট মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত কর্মী শিক্ষাশিবিরে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন, মহানগর নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, জামায়াত মাওলানা আব্দুল মুকিত, ড. মাওলানা এএইচএম সোলায়মান ও মাওলানা এটিএম শামসুদ্দিন প্রমূখ। বিজ্ঞপ্তি






