চেক-কার্ড ছাড়াই ছুটির দিনেও মিলবে ডাচ্-বাংলা ব্যাংকের সেবা
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৬, ৮:০২:১২ অপরাহ্ন
চেক ও কার্ড ছাড়াই ছুটির দিনেও ডাচ্-বাংলা ব্যাংকের অনলাইন ব্যাংকিং এজেন্টের মাধ্যমে ব্যাংকিং সেবা পাওয়া যাবে। এমনকি শুধু ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেও লেনদেনের সুযোগ থাকছে। গ্রাহকদের সহজ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির সিলেটের সিনিয়র এরিয়া ম্যানেজার মোহাম্মদ সবদার আলী।
রোববার সিলেটের কাকলি শপিং সেন্টারের নিচতলায় অবস্থিত পিসি সফট সেন্টারে ডাচ্-বাংলা ব্যাংক অনলাইন ব্যাংকিং এজেন্টের উদ্যোগে আয়োজিত গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ সবদার আলী বলেন, গ্রাহকেরা যাতে সহজে ও সুবিধাজনকভাবে ব্যাংকিং সেবা নিতে পারেন, সে লক্ষ্যে অনলাইন ব্যাংকিং এজেন্টের মাধ্যমে বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে। চেক ও কার্ডের ওপর নির্ভরশীলতা ছাড়াই ছুটির দিনেও ব্যাংকিং সেবা পাওয়ার সুযোগ গ্রাহকদের বাড়তি সুবিধা দেবে। পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে লেনদেনের ব্যবস্থাও রয়েছে।
পিসি সফট সেন্টারের স্বত্বাধিকারী আবু হেনা চৌধুরী সেলিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন যুব সংগঠক এহসানুল হক তাহের, সাংবাদিক মুনশী ইকবাল, ইফতেখার হোসেন মুনির, আবু আইয়ুব আনসারী, মাহবুব হোসেন, দাউদ চৌধুরী ও রিপন প্রমুখ।
সমাবেশে ব্যাংকিং সেবার প্রসার, গ্রাহকসেবা সহজীকরণ এবং এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ব্যাংকিং সুবিধা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় ডাচ্-বাংলা ব্যাংকের অনলাইন ব্যাংকিং এজেন্টের গ্রাহক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি






