দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের কবি দিলওয়ারের মৃত্যুবার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৬, ৯:২৪:২৬ অপরাহ্ন

একুশে পদকপ্রাপ্ত বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি দিলওয়ার আজীবন বিশ্ব মানবতার জয়গান গেয়ে গেছেন। তাঁর লেখায় সবসময় গণমানুষের কথা উঠে এসেছে। কবিতার শক্তিশালী উচ্চারণের মধ্য দিয়ে তিনি আন্তর্জাতিক কবি হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। কবি দিলওয়ারের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
শনিবার সকাল ১১টায় সিলেট নগরীর স্টেশন রোডে বাসিয়া প্রকাশনীতে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, কবিদের কোনো দেশ বা নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা নেই। নিজেদের সৃষ্টিশীলতা ও স্বতন্ত্র উচ্চারণের মধ্য দিয়েই কবিরা আন্তর্জাতিক হয়ে ওঠেন। কবি দিলওয়ারও তাঁর কবিতা ও মানবতাবাদী চিন্তার মাধ্যমে আন্তর্জাতিক কবির মর্যাদা অর্জন করেছিলেন। বাংলা সাহিত্যে তাঁর মতো বলিষ্ঠ উচ্চারণ বিরল।
দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সহসভাপতি গীতিকবি হরিপদ চন্দের সভাপতিত্বে এবং পরিষদের সাবেক সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য দেন সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, নাট্যকার বাবুল আহমদ, কবি এখলাছুর রহমান, কবি ধ্রুব গৌতম, ছড়াকার সুপ্রিয় ব্যানার্জি শান্ত, কবি কামাল আহমদ, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল, কবি-সাংবাদিক নুরুদ্দিন রাসেল, সাংবাদিক রেজাউল হক তুহিন, ছড়াকার সাজ্জাদ আহমদ সাজু, সাংবাদিক আব্দুল আহাদ, শেখ মুহিবুর রহমান ও আব্দুর রাজ্জাক শাওন প্রমুখ।
এর আগে, সকাল সাড়ে ১০টায় ভার্থখলা খান মঞ্জিলে কবি দিলওয়ারের কবরে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করা হয়। বিজ্ঞপ্তি





