সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৬, ৯:০০:২৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে হাম ও হাম উপসর্গে শিশুমৃত্যু থামছে না। গত ২৪ ঘন্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর বিভাগে হাম ও হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯০ জনে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৮০ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩০ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১৫ জন।
রোববার (১১ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হননি। ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৯৫ জনে অপরিবর্তিত রয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪২২, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৩০ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫২, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫০, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩, কোম্পানীগঞ্জে ৯, বিশ^নাথে ৬, ফেঞ্চুগঞ্জে ২ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ৫১৫ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৮০, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭২, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০, নর্থ ইস্ট মেডিকেলে ২, পার্কভিউ মেডিকেলে ২০, সিলেট উইমেন্স মেডিকেলে ৩, কোম্পানীগঞ্জে ৯, বিশ^নাথে ৬, বিয়ানীবাজারে ৫, গোলাপগঞ্জে ৩, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬২, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৮, ধর্মপাশায় ২, বাহুবলে ১০ ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘন্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণকারী ৬ মাস বয়সী আরাব সিলেটের কোম্পানীগঞ্জ, ১ বছর ২ মাস বয়সী ইবা সুনামগঞ্জের দিরাই ও ১০ মাস বয়সী রাইয়ান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, এপর্যন্ত সন্দেহজনক হাম রোগে সিলেটে ৭৪, হবিগঞ্জে ২৪, মৌলভীবাজারে ১৪ এবং সুনামগঞ্জে ৬৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সিলেটে ৭৮, হবিগঞ্জে ২৮, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৯ জনের মৃত্যু হয়েছে।






