সিলেটে শ্রুতির শরৎ উৎসব
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৬, ৭:২২:০০ অপরাহ্ন
ইট-পাথরের ব্যস্ত নগরজীবনে শরতের শুভ্রতা ও ঋতুবৈচিত্র্যের আবহ ছড়িয়ে দিতে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘শ্রুতি সিলেট’-এর বর্ণাঢ্য শরৎ উৎসব। সংগঠনটির রজতজয়ন্তী উপলক্ষে শুক্রবার নগরীর কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে এ উৎসবের আয়োজন করা হয়। গান, কবিতা, নৃত্য ও ‘শরৎ কথন’ পর্বে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। শ্রুতি সিলেটের সদস্যসচিব সুকান্ত গুপ্তের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুলসংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, আবৃত্তিশিল্পী মোকাদ্দেস বাবুল, রবীন্দ্রসংগীতশিল্পী রানা কুমার সিনহা, নাট্যব্যক্তিত্ব শামসুল বাসিত শেরো, নীলাঞ্জন দাশ টুকু, প্রতীক এন্দ, অনিমেষ বিজয় চৌধুরী রাজু, লোকগবেষক সুমন কুমার দাশ, আবদুল করিম কিম এবং শ্রুতি সমন্বয়ক সুমন্ত গুপ্ত প্রমুখ। উৎসবের সাংস্কৃতিক পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ।
অর্ধদিবসব্যাপী এ আয়োজনে সমবেত নৃত্য, সংগীত ও আবৃত্তি পরিবেশন করে শ্রুতি সিলেট, গীতবিতান বাংলাদেশ, নৃত্যশৈলী, নৃত্যরথ, ললিত মঞ্জরী, সুরের ভুবন, পরম্পরা ও সুর সপ্তক। একক পরিবেশনায় অংশ নেন শামীম আহমেদ, প্রদীপ মল্লিক, ইকবাল শাঁই, খোকন ফকির, লিংকন দাশ, আশরাফুল ইসলাম অনি, অরুনিমা দাশ ও গোলাম কিবরিয়া শিমুলসহ স্থানীয় বিশিষ্ট শিল্পীরা।
সবশেষে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে নান্দনিক ও প্রাণবন্ত শরৎ উৎসবের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি





