সাইক্লোনের সাহিত্য আসর ‘চিঠির কথা: গান-কবিতায়’ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৬, ৭:২১:১১ অপরাহ্ন
মানুষের হৃদয়ে জমে থাকা অব্যক্ত কথাগুলো কখনো চিঠির পাতায়, কখনো গানের সুরে, আবার কখনো কবিতার পঙ্ক্তিতে প্রকাশ পায়। আধুনিক প্রযুক্তির যুগে হাতে লেখা চিঠির ব্যবহার কমে গেলেও এর আবেগ, স্মৃতি ও ঐতিহ্য আজও মানুষের হৃদয়ে অমলিন।
‘চিঠির কথা: গান-কবিতায়’ শীর্ষক সাইক্লোনের ৩৪৮তম সাহিত্য আসরে বক্তারা এসব কথা বলেন। গত সোমবার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) সাহিত্য আসর কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
কলামিস্ট বেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাইক্লোনের সাধারণ সম্পাদক ইশরাক জাহান জেলীর সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ও গল্পকার সেলিম আউয়াল এবং দয়ামির ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সাব্বির আহমদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাইক্লোন সিলেটের সভাপতি ও ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসার। আলোচনায় অংশ নেন কবি শামসীর হারুনূর রশিদ ও কবি মাহফুজ জোহা। এ সময় যুক্তরাষ্ট্রপ্রবাসী কবি ইসমত হানিফা চৌধুরীর সাইক্লোনের সাহিত্য আসরকে ঘিরে লেখা একটি চিঠি পাঠ করেন ইশরাক জাহান জেলী।
চিঠির হারানো ঐতিহ্য স্মরণ করে বক্তারা বলেন, একসময় দূরত্ব পেরিয়ে মনের কথা, আবেগ-অনুভূতি ও ভালোবাসা প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম ছিল চিঠি। হাতে লেখা চিঠির প্রতিটি শব্দে মিশে থাকত প্রিয়জনের স্পর্শ, অপেক্ষার আকুলতা ও হৃদয়ের গভীর অনুভূতি। আধুনিক প্রযুক্তিনির্ভর যোগাযোগব্যবস্থার প্রসারে চিঠি লেখার অভ্যাস অনেকটাই হারিয়ে গেছে। তবে চিঠির পাতায় জমে থাকা স্মৃতি আজও অতীতের দিনগুলোকে জীবন্ত করে তোলে।
অনুষ্ঠানে চিঠি নিয়ে স্মৃতিচারণ ও লেখাপাঠে অংশ নেন অ্যাডভোকেট এন এ আশালতা, শান্তা কামালী, এনামুল হক, নিশাত ফাতেমা মেহের, কুবাদ বখত চৌধুরী রুবেল, মকসুদ আহমদ লাল, শিল্পী তুহিন আহমদ ও মাশুক আহমদসহ অনেকে। বিজ্ঞপ্তি





