জামালগঞ্জ সরকারি কলেজে শিবিরের নবীনবরণ
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৬, ৭:৪০:২৬ অপরাহ্ন

জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় কলেজ শাখা ছাত্রশিবিরের আয়োজনে ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ’২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. শাহিন মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাসুদ রানা তুহিন। বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সুনামগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফখরুল আলম, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি হাবিবুর রহমান, জামালগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আ জ ম ওবায়দুল্লাহ এবং সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি রাজন আহমেদসহ উপজেলা ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে। তাই সৎ ও আদর্শিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। ইসলাম মানুষকে শান্তির পথে আহ্বান করে। দেশ ও সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
তাঁরা আরও বলেন, শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান কিংবা ভালো সনদ অর্জনই যথেষ্ট নয়; নৈতিকতা, আদর্শ ও দক্ষতার সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বাবা-মায়ের স্বপ্ন পূরণে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করতে হবে এবং সৎ পথে চলতে হবে। সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শিক জীবন গঠনে গুরুত্ব দিতে হবে। বক্তারা শিক্ষার্থীদের মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান।






