গঙ্গায় নৌকাডুবিতে ১৩ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৬, ৭:২৮:১৯ অপরাহ্ন

ভারত প্রতিনিধি: ভারতের বিহার রাজ্যে গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই শিশু ও অপ্রাপ্তবয়স্ক। এ ঘটনায় উদ্ধার অভিযান চলছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিহারের বৈশালী জেলার রাঘোপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নৌকাটিতে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন। তাঁরা সবাই একটি নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছিলেন। মাঝনদীতে হঠাৎ নৌকাটি ডুবে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধার তৎপরতা জোরদার করতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন।
পুলিশ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত নিহত নয়জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁরা সবাই অপ্রাপ্তবয়স্ক। তাঁদের নাম পিংকি কুমারী, অংকিতা কুমারী, সুনীতা কুমারী, আরিয়ান কুমার, আলিশা কুমারী, শিকি কুমারী, ভোনু কুমারী, মীরা কুমারী ও নমন কুমার। তাঁদের সবার বাড়ি রামপুর শ্যামচাঁদ গ্রামে।
এদিকে, দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য চার লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।





