মালয়েশিয়ায় ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৬, ৬:০৭:৪৮ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ার কেদাহ রাজ্যের কুলিমের পাদাং মেহায় একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ১৯৯ বাংলাদেশিসহ ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটক অন্যদের মধ্যে রয়েছেন চীনের ৩৯৬ জনসহ বিভিন্ন দেশের নাগরিক। সোমবার বেলা ১১টার দিকে নির্মাণাধীন ওই স্থাপনায় ‘অপস মেগা’ নামে অভিযানটি পরিচালনা করা হয়। মঙ্গলবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগের কেদাহ রাজ্য শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিবাসন বিভাগের গোয়েন্দা ও বিশেষ অভিযান শাখার তথ্য এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। এতে বিভিন্ন শাখার মোট ১৫৯ জন কর্মকর্তা অংশ নেন। তাঁদের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ের আইন প্রয়োগ শাখা, গোয়েন্দা ও বিশেষ অভিযান শাখা, বিশেষ কৌশলগত দল এবং কেদাহ, পারলিস, পেরাক, কুয়ালালামপুর ও নেগেরি সেম্বিলান রাজ্যের কর্মকর্তারা ছিলেন।
অভিযান চলাকালে মোট ৬৯৭ জন বিদেশি ও মালয়েশীয় নাগরিকের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮ থেকে ৫০ বছর বয়সী ৬৩০ জন বিদেশিকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৬২২ জন পুরুষ ও আটজন নারী।
জাতীয়তাভিত্তিক হিসাবে আটক ব্যক্তিদের মধ্যে চীনের ৩৯৬ জন, বাংলাদেশের ১৯৯ জন, পাকিস্তানের ১০ জন, মিয়ানমারের সাতজন, ভারতের পাঁচজন, ঘানার চারজন, নাইজেরিয়ার তিনজন, কেনিয়ার দুজন, ইন্দোনেশিয়ার দুজন, নিউজিল্যান্ডের একজন এবং সেনেগালের একজন নাগরিক রয়েছেন।
আটক ১৯৯ বাংলাদেশির মধ্যে ১৯৮ জন পুরুষ ও একজন নারী। চীনা নাগরিকদের মধ্যে ৩৯১ জন পুরুষ ও পাঁচজন নারী। এ ছাড়া পাকিস্তান, মিয়ানমার, ভারত, ঘানা, নাইজেরিয়া, কেনিয়া, নিউজিল্যান্ড ও সেনেগালের আটক ব্যক্তিরা সবাই পুরুষ। ইন্দোনেশিয়ার আটক দুজনই নারী।
অভিযান চলাকালে কয়েকজন আটক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। কেউ কেউ ঝুঁকিপূর্ণ স্থানে লুকিয়ে পড়েন, এমনকি নির্মাণাধীন ভবনের ছাদেও উঠে যান। এ সময় একদল আটক ব্যক্তির উসকানিমূলক আচরণে অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে কর্মকর্তারা দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রায় পাঁচ লাখ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত নির্মাণস্থলে অভিযান পরিচালনা করতে গিয়ে কর্মকর্তাদের বিভিন্ন নিরাপত্তা ও লজিস্টিক সমস্যার মুখোমুখি হতে হয়। ভারী বৃষ্টিতে পিচ্ছিল মেঝে, জমে থাকা পানি ও কাদামাখা পথ চলাচলে বাধা সৃষ্টি করে। এ ছাড়া নির্মাণাধীন ভবনের অসম্পূর্ণ কাঠামো, লিফটের গর্ত, উন্মুক্ত রড, ছড়িয়ে-ছিটিয়ে থাকা নির্মাণসামগ্রী, ভারী যন্ত্রপাতির চলাচল এবং উঁচু স্থানে কাজ করার কারণে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ নিয়োগকর্তা, প্রধান ঠিকাদার ও উপঠিকাদারদের সতর্ক করে বলেছে, বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে তাঁদের বৈধ ভ্রমণ নথি এবং অনুমোদিত পাস বা ওয়ার্ক পারমিট রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অভিবাসন বিভাগের নির্ধারিত সব শর্ত মেনে চলতে হবে।





