মৌলভীবাজারে ৯ মামলায় ৯ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৬, ৭:৩৮:৫২ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নিরাপদ যান চলাচল নিশ্চিত করা এবং সড়ক পরিবহন আইন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মৌলভীবাজার শহরে আবারও মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৯টি মামলায় মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বুধবার শহরের শমশেরনগর রোড ও সাইফুর রহমান সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি।
অভিযানকালে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারায় তিনটি মামলায় ৩ হাজার টাকা এবং ৯২(১) ধারায় ছয়টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে মোটরযান পরিদর্শক মো. মহসীন, ট্রাফিক সার্জেন্ট কমলেশ ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
এ সময় সড়কে শৃঙ্খলা বজায় রাখা, আইন লঙ্ঘন প্রতিরোধ এবং নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সড়ক পরিবহন আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, এর আগে জেলা শহরের শমশেরনগর সড়কসহ বিভিন্ন এলাকায় টানা দুই দিন উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। তবে অভিযানের পরও আবারও সড়কের জায়গা দখলের অভিযোগ ওঠে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। এরপর জেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।





