সিলেট সীমান্তে বিজিবির ২২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৬, ৮:০৩:৪২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি। বুধবার ভোরে সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সোনারহাট, প্রতাপপুর, নোয়াকোট, দমদমিয়া এবং সংগ্রাম বিওপির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারতীয় গরু, মহিষ, মদ, বিয়ার, চিনি, মাল্টা, বাসমতি চাল, জিরা, অলিভ অয়েল, সাবানসহ বিভিন্নধরনের চোরাইপণ্য জব্দ করা হয়।
জব্দকৃত চোরাইপণ্যের আনুমানিক বাজারমূল্য ২২ লক্ষ ৫ হাজার ৭১০ টাকা।
বুধবার (২১ অক্টোবর) এর সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সীমান্তে সার্বিক নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব চোরাইপণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের ব্যাপারে আইন ও প্রচলিত বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধিন।






