সিলেটে রোমাঞ্চকর লড়াইয়ে চট্টগ্রামকে ১০ রানে হারাল খুলনা
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৬, ৯:২৫:৪৫ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের শেষ দিনে (বুধবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোমাঞ্চকর জয় পেয়েছে খুলনা বিভাগ। জয়ের জন্য শেষ দিনে চট্টগ্রামের প্রয়োজন ছিল ১০১ রান, হাতে ছিল পাঁচ উইকেট। তবে খুলনার বোলারদের দাপটে শেষ পর্যন্ত ১০ রানে হেরে যায় চট্টগ্রাম। অন্যদিকে, রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বরিশালকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিক রাজশাহী।
সিলেটে ম্যাচের শেষ দিনে জয়ের জন্য ১০১ রান প্রয়োজন ছিল চট্টগ্রামের। অন্যদিকে, খুলনার দরকার ছিল পাঁচ উইকেট। দিনের শুরুতেই শেখ মেহেদী হাসানের বলে ১০ রান করে শামীম হোসেন ফিরে গেলে চাপে পড়ে চট্টগ্রাম। এরপর অধিনায়ক ইরফান শুক্কুর ও আবুল হাসনাত প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ইরফান করেন ৪৬ রান, হাসনাতের ব্যাট থেকে আসে ২৮ রান। তবে তাদের লড়াই শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেনি।
খুলনার জয়ে বল হাতে বড় অবদান রাখেন রাকিব হাওলাদার ও শেখ মেহেদী হাসান। দ্বিতীয় ইনিংসে রাকিব তুলে নেন পাঁচ উইকেট। মেহেদী শিকার করেন চার উইকেট। ৭৩তম ওভারে হাসনাতকে ফিরিয়ে চট্টগ্রামের ইনিংস গুটিয়ে দেন মেহেদী। দুই ইনিংল মিলিয়ে তাঁর শিকার পাঁচ উইকেট।
এর আগে খুলনার দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখান তরুণ ওপেনার আজিজুল হাকিম তামিম। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে খেলেন ১৪২ রানের ইনিংস। তাঁর ব্যাটে ভর করে দ্বিতীয় ইনিংসে ৩২৩ রান সংগ্রহ করে খুলনা। প্রথম ইনিংসে অবশ্য দলটি অলআউট হয়েছিল ২০১ রানে। ইমরানুজ্জামান করেন সর্বোচ্চ ৬৪ রান। জবাবে চট্টগ্রাম প্রথম ইনিংসে ২৫০ রান সংগ্রহ করে। শেষ পর্যন্ত ব্যাটারদের লড়াইয়ের পর খুলনার বোলারদের নৈপুণ্যে জয় পায় দলটি।
এদিকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বরিশাল বিভাগকে ৮ উইকেটে হারিয়েছে রাজশাহী। এই জয়ে ব্যাট হাতে বড় ভূমিকা রাখেন নাঈম আহমেদ। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে ২৬৭ বলে অপরাজিত ২০২ রান করেন তিনি। তাঁর দুর্দান্ত ইনিংসে বড় সংগ্রহ গড়ে রাজশাহী।
চতুর্থ দিন ২৪৯ রান নিয়ে ব্যাট করতে নামা বরিশাল শেষ দিনে মাত্র ২৪ রান যোগ করেই অলআউট হয়ে যায়। আগের দিন ৯১ রান করা ওপেনার জাওয়াদ আবরার ইনিংসের ভিত গড়লেও অন্য ব্যাটাররা তা এগিয়ে নিতে পারেননি। রাজশাহীর বাঁহাতি পেসার শফিকুল ইসলাম পাঁচ উইকেট নিয়ে বরিশালের ব্যাটিংয়ে ধস নামান। সানজামুল ইসলাম পান দুটি উইকেট। বরিশালের দ্বিতীয় ইনিংস থামে ২৭৪ রানে।
জয়ের জন্য রাজশাহীর লক্ষ্য দাঁড়ায় মাত্র ৪৭ রান। নাঈম আহমেদ ৮ রান করে আউট হলেও দুই উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক দল। ফলে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী।





