ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল আশিক মিয়ার
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৬, ৬:৫৬:২৭ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে মারা গেছেন আশিক মিয়া (৬০) নামে এক ব্যাক্তি। তিনি উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামের বাসিন্দা। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় কোম্পানীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আশিক মিয়ার ছেলে সায়েম আহমদ জানান, প্রতিবেশী দুদু মিয়ার সাথে আশিক মিয়ার পরিবারের পূর্ব বিরোধ ছিল। ঘটনার সময় আশিক মিয়ার ১০ বছরের নাতনি মাইশা বেগম নদীতে গোসল করতে দুদু মিয়ার ঘাটে যায়। এসময় দুদু মিয়া মাইশাকে তাদের ঘাটে গোসল করতে বাধা দেন এবং একপর্যায়ে তার গায়ে হাত তুলেন। এ ঘটনায় মাইশার বাবা সবুজ মিয়া ঘটনাস্থলে গেলে দুপক্ষের মধ্যে বাকবিতন্ডা ও মারামারি শুরু হয়। তাদের ঝগড়া থামাতে আশিক মিয়া সেখানে গেলে দুদু মিয়া ও তাদের লোকজন তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এসময় আশিক মিয়া সেখানে লুটিয়ে পড়েন। পরে অসুস্থ অবস্থায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক মিয়াকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান, মারামারি আটকাতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে শুনেছি। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মৃত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এবিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।






