ওসমানীনগরে ৯শ’ বছরের পুরোনো মসজিদ সংরক্ষণের আহ্বান নাগরিক প্রতিনিধিদের
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৬, ৬:১৭:২৫ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগরে সুলতানি আমলে নির্মিত প্রায় ৭০০ থেকে ৯০০ বছরের পুরোনো একটি এক গম্বুজবিশিষ্ট মসজিদ ভেঙে ফেলে নতুন স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে-এমন সংবাদে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের উদ্যোগে গঠিত নাগরিক প্রতিনিধি দলের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে প্রতিনিধি দলটি প্রাচীন মসজিদটি পরিদর্শন করেন।
মসজিদটি ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের উসমানপুর গ্রামে তাজপুর-বালাগঞ্জ সড়কের পাশে অবস্থিত। ইতিহাসবিদ ও গবেষকদের মতে, মসজিদটির বয়স প্রায় ৭০০ থেকে ৯০০ বছর। এর স্থাপত্যশৈলী বিবেচনায় এটিকে সুলতানি আমলের স্থাপনা বলে ধারণা করা হয়। সিলেট জেলায় টিকে থাকা সুলতানি আমলের একমাত্র মসজিদ হিসেবে এটিকে বিবেচনা করা হয়।
জনশ্রুতি রয়েছে, একসময় জঙ্গলে আচ্ছাদিত এলাকায় মাটির নিচে চাপা পড়ে ছিল মসজিদটি। পরে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে এটি আবিষ্কৃত হয়। অলৌকিকভাবে পাওয়া গেছে-এমন ধারণা থেকে স্থানীয়রা মসজিদটিকে ‘গায়েবি মসজিদ’ নামে অভিহিত করেন।
পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেটের চেয়ারম্যান ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, পরিবেশ ও নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম, সাংস্কৃতিক সংগঠক অ্যাডভোকেট মনির হেলাল, সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম সোবহান চৌধুরী দিপন এবং প্রত্নতত্ত্ব গবেষক আসিফ আজহার। এ সময় তাঁরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।
স্থানীয়দের সঙ্গে আলাপকালে প্রতিনিধি দল জানতে পারে, এলাকার কিছু ব্যক্তি মসজিদটির প্রত্নতাত্ত্বিক গুরুত্ব উপলব্ধি করতে না পেরে পুরোনো স্থাপনাটি সরিয়ে সেখানে নতুন মসজিদ নির্মাণ করতে চাইছেন। মসজিদটি ওয়াক্ফ প্রশাসনের তালিকাভুক্ত হলেও এখন পর্যন্ত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত হয়নি।
পরিদর্শন শেষে নাগরিক প্রতিনিধি দলের সদস্যরা বলেন, প্রাচীন এই মসজিদটির সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি না করায় ইতিমধ্যে স্থাপনাটির অনেক ক্ষতিসাধন করা হয়েছে। মসজিদের মেহরাব ও দেয়ালে রংবেরঙের টাইলস বসানো কোনোভাবেই সমীচীন হয়নি। সিলেট জেলায় টিকে থাকা সুলতানি আমলের এমন একটি প্রত্নসম্পদ বিনষ্ট হওয়ার দায় সবার। মসজিদটির ক্ষতিসাধন করে সেখানে নতুন স্থাপনা নির্মাণের চিন্তা অত্যন্ত উদ্বেগজনক।
তাঁরা আরও বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম ধরে যে মসজিদটি এলাকার ঐতিহ্য ও আধ্যাত্মিক ইতিহাসের সাক্ষ্য বহন করে আসছে, সেটি সংরক্ষণে স্থানীয় সচেতন নাগরিকদের সোচ্চার হতে হবে। সিলেটের প্রত্নতাত্ত্বিক সম্পদ সংরক্ষণে কাজ করা নাগরিক সংগঠন পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট প্রাচীন এই মসজিদটি রক্ষায় এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তি






