বিয়ানীবাজারে এইচএসসি-আলিমের ফলাফলে বিপর্যয়
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৬, ৬:৩৩:২৩ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজারে ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেছে। উপজেলায় এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৯ দশমিক ৭৩ শতাংশ। ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন মাত্র চারজন শিক্ষার্থী। অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন মাত্র একজন। সব মিলিয়ে এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন মাত্র পাঁচজন শিক্ষার্থী।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে বিয়ানীবাজার উপজেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২ হাজার ২৩৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ১১২ জন। অকৃতকার্য হয়েছেন ১ হাজার ১২৪ জন। গড় পাসের হার ৪৯ দশমিক ৭৩ শতাংশ।
বিগত বছরগুলোর তুলনায় এবারের ফলাফলে পিছিয়ে পড়েছে উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান। অর্ধেকের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে হতাশা দেখা দিয়েছে। ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে বিয়ানীবাজার সরকারি কলেজ। প্রতিষ্ঠানটির পাসের হার ৬২ দশমিক ৪৬ শতাংশ। অন্যদিকে, কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ৩৫ শতাংশের নিচে নেমে এসেছে।
প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে ১ হাজার ২৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৮০২ জন। অকৃতকার্য হয়েছেন ৪৮২ জন। পাসের হার ৬২ দশমিক ৪৬ শতাংশ। উপজেলার অন্যতম প্রধান এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছেন মাত্র চারজন শিক্ষার্থী।
বিয়ানীবাজার মহিলা কলেজ থেকে ৩১৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯৯ জন। অকৃতকার্য হয়েছেন ২১৫ জন। পাসের হার ৩১ দশমিক ৫৩ শতাংশ। বৈরাগীবাজার কলেজ থেকে ১৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬০ জন। অকৃতকার্য হয়েছেন ৮৯ জন। পাসের হার ৪০ দশমিক ২৭ শতাংশ। দুবাগ স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬২ জন। অকৃতকার্য হয়েছেন ১৩৯ জন। পাসের হার ৩০ দশমিক ৮৫ শতাংশ। সৈয়দ নবীব আলী কলেজ থেকে ২০৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬৮ জন। অকৃতকার্য হয়েছেন ১৪০ জন। পাসের হার ৩২ দশমিক ৬৯ শতাংশ।
অন্যদিকে, বিয়ানীবাজার বালিকা স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ২১ জন। অকৃতকার্য হয়েছেন ৫৯ জন। পাসের হার ২৬ দশমিক ২৫ শতাংশ।
এদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বিয়ানীবাজারে আলিম পরীক্ষায় অংশ নিয়েছেন ১৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১১৪ জন। পাসের হার ৬০ দশমিক ৯০ শতাংশ। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন মাত্র একজন শিক্ষার্থী।
বিয়ানীবাজারে আলিম পরীক্ষার একমাত্র কেন্দ্র বিয়ানীবাজার সিনিয়র মাদ্রাসায় উপজেলার ছয়টি মাদ্রাসার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। ফলাফলে দাসউরা সিনিয়র মাদ্রাসা উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে বিয়ানীবাজার সিনিয়র কামিল মাদ্রাসা।






