জাকির নায়েককে ভারতের কাছে দেবে না মালয়েশিয়া
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৬, ৬:৫৪:৩৭ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বখ্যাত ইসলামি বক্তা ডা. জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণ না করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। এ বিষয়ে ভারতের কাছে কোনো প্রতিশ্রুতিও দেওয়া হয়নি বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার মালয়েশিয়ার পার্লামেন্ট দেওয়ান রাকায়াতের লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, ২০১০ সালে ভারতের সঙ্গে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ এবং ১৯৯২ সালের প্রত্যর্পণ আইনের বিধান অনুযায়ী মালয়েশিয়া এ সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে ভারত সরকারের পক্ষ থেকে জাকির নায়েককে প্রত্যর্পণের বিষয়ে নতুন কোনো আবেদনও পায়নি মালয়েশিয়া।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক আবেদন পাওয়া যায় ২০১৮ সালের ১৯ জানুয়ারি। পরে ২০২০ সালের ২৯ মে ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে একটি কূটনৈতিক চিঠি পাঠায় ভারত সরকার।
দেশটির পার্লামেন্টে পেঙ্গকালান চেপা আসনের সংসদ সদস্য দাতুক ড. আহমদ মারজুক শারির এক প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি ভারতের প্রত্যর্পণ আবেদনের সর্বশেষ অবস্থা এবং দেশটির দেওয়া নথি ও প্রমাণ মালয়েশিয়ার আইন ও দ্বিপক্ষীয় চুক্তির শর্ত পূরণ করেছে কি না, তা জানতে চেয়েছিলেন।
এর আগে গত সেপ্টেম্বরে ১৮তম ব্রিকস সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছিল বলে সংবাদ প্রকাশিত হয়। মালয়েশিয়ার সরকারের এ বক্তব্যের মধ্য দিয়ে জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণ না করার বিষয়ে দেশটির বর্তমান অবস্থান আবারও স্পষ্ট হলো।





