জকিগঞ্জে নদীভাঙনে বিলীন সড়ক
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৬, ৬:০৬:৪০ অপরাহ্ন

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলশাহ ইউনিয়নের ২নং ওয়ার্ডের আটগ্রাম ডহর এলাকার পূর্ব পাশে ভয়াবহ নদীভাঙনে জনসাধারণের চলাচলের একটি গুরুত্বপূর্ণ সড়কের বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার হাজারো মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরেও সড়কটির ওই স্থানে সামান্য ফাটল দেখা দিয়েছিল। তখন মানুষ পায়ে হেঁটে চলাচল করতে পারলেও রাতের মধ্যেই ভয়াবহ ভাঙনে সড়কের বড় একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়।
সড়কটি দিয়ে প্রতিদিন এলাকার হাজারো মানুষ যাতায়াত করেন। এছাড়া গরু-মহিষ চরাতে নেওয়া এবং কৃষিজমির ফসল আনা-নেওয়ার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হিসেবে ব্যবহৃত হয়। হঠাৎ সড়কটি বিলীন হয়ে যাওয়ায় এসব কাজে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কটির নির্মাণকাজ শেষ হওয়ার দুই বছরও পূর্ণ হয়নি। এরই মধ্যে নদীভাঙনে সড়কটি বিলীন হওয়ায় নির্মাণকাজের গুণগত মান ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তাঁদের দাবি, নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে পরিকল্পিত ও টেকসইভাবে সড়ক নির্মাণ করা হলে এমন পরিস্থিতি এড়ানো সম্ভব হতো। এ ঘটনায় একদিকে যেমন সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে, অন্যদিকে সরকারের বিপুল অর্থও কার্যত নদীগর্ভে চলে গেছে বলে মনে করছেন স্থানীয়রা।
এলাকাবাসী সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত সড়কটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন। জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে-এমন প্রত্যাশা তাঁদের।






