সৌদিতে নিখোঁজ সুনামগঞ্জের যুবক
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৬, ৭:১৯:০৪ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: জীবিকার সন্ধানে সৌদি আরবে গিয়ে নিখোঁজ হয়েছেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মুজিবুর রহমান। গত তিন মাস ধরে তাঁর কোনো খোঁজ না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। ছেলের সন্ধান পেতে দেশ-বিদেশে সবার সহযোগিতা কামনা করেছেন তাঁর মা-বাবা।
মুজিবুর রহমান শান্তিগঞ্জ উপজেলার সরদারপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. আব্দুল মান্নান। প্রায় দেড় বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবের রাজধানী রিয়াদে যান তিনি। সেখানে কর্মরত অবস্থায় মানসিক সমস্যায় ভুগতে শুরু করেন। একপর্যায়ে নিয়োগকর্তা (কফিল) থেকে নিখোঁজ হন তিনি। এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
পরিবার সূত্রে জানা গেছে, মুজিবুরের সন্ধানে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্বজনরা। সৌদি আরবে অবস্থানরত পরিচিতজন ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাঁর কোনো খোঁজ মেলেনি। ছেলের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন মা-বাবাসহ পরিবারের সদস্যরা।
মুজিবুরের বাবা আব্দুল মান্নান বলেন, দেড় বছর আগে তাঁর ছেলে সৌদি আরবের রিয়াদে কাজের জন্য যায়। গত তিন মাস ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সৌদি আরবে অবস্থানরত অনেক বাংলাদেশির সঙ্গে যোগাযোগ করেও সন্ধান মেলেনি। তিনি আরও বলেন, থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ তাঁর ছেলের আকামার কাগজপত্র চায়। কিন্তু পরিবারের কাছে সেই কাগজপত্র নেই।
সৌদি আরবে অবস্থানরত কোনো বাংলাদেশি মুজিবুর রহমানের সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: +৮৮০ ১৭৮২-৩৭৮৮৪৯।





