রাতারগুল কাণ্ডে আ’লীগের আরও ২ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৬, ৮:৪৩:৫৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের গোয়াইনঘাটে আলোচিত রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টকাণ্ডে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আরও দুই নেতাকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার লাঠি গ্রামের মৃত আসমত আলীর ছেলে ও সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. কাউসার আহমদ (৪৫) ও উপজেলার কুনকিরি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ও রুস্তমপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. হারুনুর রশিদ (৫২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত দুই আসামিকে উক্ত মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, বহুল আলোচিত রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টে পলাতক আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রঞ্জিত সরকারের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। এই ঘটনায় গত ১১ নভেম্বর গোয়াইনঘাট থানায় মামলা নম্বর ১১/৩৫০ দায়ের করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় এখন পর্যন্ত ৩৯ গণকে গ্রেফতার করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।





