সীমান্তে ৪৮ বিজিবির ৬১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৬, ৮:৩০:২৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোরে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধীন বিছনাকান্দি, শ্রীপুর, বাংলাবাজার, প্রতাপপুর, মিনাটিলা, সংগ্রাম ও সোনারহাট বিওপির সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ভারত থেকে আনা গরু, মহিষ, কসমেটিকস, কমলা, কম্বল, জিরা, টমেটো, গাড়ির টায়ার, চকলেট, মুভ স্প্রে ও চিপস জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় রসুন ও সোয়েটার আটক করা হয়।
জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬১ লাখ ১৬ হাজার ৯৫৪ টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধিন।




