আসামে ১৩ বাংলাদেশি আটক
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৬, ৮:৪৮:১২ অপরাহ্ন

ভারত প্রতিনিধি: ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আসাম রাজ্যের বঙাইগাঁও জেলার যোগীঘোপা থেকে ১৩ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বৈধ অনুমতি ছাড়াই তাঁরা ভারতে প্রবেশ করেছেন বলে অভিযোগ উঠেছে। যোগীঘোপায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে বঙাইগাঁও পুলিশ।
আটক ব্যক্তিদের প্রকৃত পরিচয়, কী পরিস্থিতিতে তাঁরা ভারতে প্রবেশ করেছেন এবং স্থানীয়ভাবে কেউ তাঁদের আশ্রয় বা সহায়তা দিয়েছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের পরিচয়পত্র ও অন্যান্য নথি যাচাইয়ের পাশাপাশি তাঁরা কীভাবে এবং কোন পথে ভারতে প্রবেশ করেছেন, সে বিষয়ে অনুসন্ধান চলছে। তাঁদের বিরুদ্ধে সম্ভাব্য আইনি পদক্ষেপের বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।



