সিলেটে দুই দিন প্রিপেইড গ্যাস মিটারে রিচার্জ বন্ধ
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৬, ৮:৪৯:১৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে আবাসিক গ্রাহকদের প্রিপেইড গ্যাস মিটারে দুই দিন নির্দিষ্ট সময়ের জন্য রিচার্জ কার্যক্রম বন্ধ থাকবে। প্রিপেইড গ্যাস মিটারিং সিস্টেমের কারিগরি রক্ষণাবেক্ষণের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৭ নভেম্বর) ও শনিবার (২৮ নভেম্বর) প্রতিদিন ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা করে JGTDSL PREPAID মোবাইল অ্যাপের মাধ্যমে গ্যাসের রিচার্জ করা যাবে না। সে হিসাবে দুই দিনে মোট ১২ ঘণ্টা রিচার্জ কার্যক্রম বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ জানায়, প্রিপেইড গ্যাস মিটারিং সিস্টেমের প্রয়োজনীয় কারিগরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সাময়িক বিরতি দেওয়া হয়েছে। এ সময় গ্রাহকরা মোবাইল অ্যাপের মাধ্যমে নতুন করে গ্যাসের ব্যালান্স রিচার্জ করতে পারবেন না।
এঅবস্থায় সম্ভাব্য ভোগান্তি এড়াতে যেসব গ্রাহকের মিটারে গ্যাসের ব্যালান্স কম রয়েছে, তাদের নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় রিচার্জ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি রিচার্জ সংক্রান্ত কোনো সমস্যা বা প্রয়োজনীয় তথ্যের জন্য ১৬৫১১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে।





