তরুণদের শারীরিক-মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৬, ৯:০৭:১০ অপরাহ্ন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বইটিকর বাজারের হাজিপুর নয়াপাড়া এলাকায় ‘সিক্সার্স পাওয়ার প্লে’ ইনডোর ফুটবল মাঠের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাঠটির উদ্বোধন করেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এম এ হান্নানের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহানুরের পরিচালনায় অনুষ্ঠানে এমরান আহমদ চৌধুরী বলেন, তরুণ ও শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। মোবাইল আসক্তি ও মাদকসহ সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলা কার্যকর ভূমিকা রাখে। সুস্থ দেহ ও সতেজ মন নিয়ে দেশ ও সমাজের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা করা উচিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, এম সিরাজুল ইসলাম সিরাজ ও ছালিক আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি হেলালুজ্জামান হেলাল, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ মামুন, সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুন আহমদ রিপন, ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান শাহান, জিন্নুর আহমদ, শিপন আহমদ এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম উদ্দিনসহ স্থানীয় মুরব্বিয়ান। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ স্থানীয় ক্রীড়াবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এদিকে, অনুষ্ঠান শেষে এমপি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বিএনপি নেতা কামরুজ্জামান দারার আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। বিজ্ঞপ্তি





