বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও শক্তিশালী হবে: স্পিকার
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৬, ৭:৫৮:৪৮ অপরাহ্ন

ফাইল ছবি
জালালাবাদ ডেস্ক: অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। দুই দেশের মধ্যকার সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
পাকিস্তান সফরকালে দেশটির গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হবে এবং দুই দেশ চিরকাল ভাই হিসেবে থাকবে।’
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সফরে তিনি প্রাদেশিক পরিষদের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তারা অত্যন্ত অমায়িক ও আন্তরিকভাবে বাংলাদেশ প্রতিনিধি দলের দেখাশোনা করেছেন। দুই দেশের প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ ও যৌক্তিক আলোচনা হয়েছে। অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি। পাকিস্তানের আতিথেয়তাকে অতুলনীয় উল্লেখ করে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান স্পিকার।
এদিকে পাকিস্তান সফরের অংশ হিসেবে দেশটির প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের স্পিকার। শনিবার ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল করাচিতে জিন্নাহর সমাধি পরিদর্শন করেন। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করে পাকিস্তানের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানান।
এর আগে শুক্রবার সিন্ধু প্রাদেশিক পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানান পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ। করাচি বিমানবন্দরে প্রতিনিধিদলকে স্বাগত জানান প্রাদেশিক মন্ত্রী রিয়াজ হুসাইন শাহ শিরাজি, সংসদ সদস্য জাম শব্বির আলী খান ও মুহাম্মদ ইউসুফ বালোচ। এ সময় পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে পাকিস্তান রয়েছে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল। এর আগে ইসলামাবাদ ও লাহোরে সরকারি কর্মসূচি শেষ করে তারা করাচিতে পৌঁছান।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহারাত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি এবং বাংলাদেশ-পাকিস্তান সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি নাসের রহমান। এ ছাড়া পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের উপ-হাইকমিশনার মুহাম্মদ শাকিব সাদাকাতও প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন।
সফরসূচিতে সিন্ধু প্রাদেশিক পরিষদ পরিদর্শন এবং প্রাদেশিক রাজনৈতিক নেতৃত্ব ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে। এসব বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।




