মোগলাবাজারে ১৪ লাখ টাকার ভারতীয় কম্বলসহ গ্রেপ্তার ১
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৬, ৯:২৩:৫৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কম্বলসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে পুলিশ। শনিবার দুপুর আড়াইটার দিকে মোগলাবাজার ইউনিয়নের মাহমুদাবাদ এলাকায় জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা যাত্রী ছাউনির সামনে থেকে এসব পণ্য আটক করা হয়। এসময় একজনকে আটক করা হয়।
আটককৃতের নাম আব্দুল কাইয়ুম (৩০)। সে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার দক্ষিণ কলাগাছিয়া গ্রামের হাফিজুর রহমানের পুত্র।
এসএমপি সূত্র জানিয়েছে, শনিবার (২৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে মোগলাবাজার ইউনিয়নের মাহমুদাবাদ এলাকায় জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা যাত্রী ছাউনির সামনে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় মোগলাবাজার থানা পুলিশ। এসময় ঢাকা মেট্রো-ন-২০-৬৯০১ নম্বরের একটি কাভার্ডভ্যানে তল্লাশি করে ৩১৯টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।
জব্দকৃত কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা।
রোববার (২৯ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়ার দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, এঘটনায় মোগলাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।





