মালয়েশিয়ায় ২০ বছর থাকার সুযোগ : ২৩ মাসে ৭ হাজার ৬৫০ আবেদন, শীর্ষে চীন
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৬, ৯:৩২:২৯ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: বিদেশি নাগরিকদের দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ দিতে মালয়েশিয়ার চালু করা ‘মালয়েশিয়া মাই সেকেন্ড হোম’ (এমএম২এইচ) কর্মসূচিতে বাড়ছে আন্তর্জাতিক আগ্রহ। নতুন নীতিমালা চালুর পর ২৩ মাসে চারটি শ্রেণিতে ৭ হাজার ৬৫০টি আবেদন জমা পড়েছে। আবেদনকারীদের মধ্যে শীর্ষে রয়েছে চীন, দ্বিতীয় তাইওয়ান।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার ২৬ সেপ্টেম্বর ২০২৬-এর প্রতিবেদনে পর্যটন, শিল্পকলা ও সংস্কৃতিবিষয়ক উপমন্ত্রী চিউ চুন মানের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত এসব আবেদন জমা পড়ে।
জাতীয়তাভিত্তিক পরিসংখ্যানে চীনের নাগরিকদের আবেদন ৩ হাজার ৮৪৭টি। তাইওয়ানের ১ হাজার ৫৪টি, হংকংয়ের ৩২৪টি, সিঙ্গাপুরের ২৮৭টি এবং যুক্তরাষ্ট্রের ২৮৪টি আবেদন রয়েছে। অন্যান্য দেশ থেকে এসেছে আরও ১ হাজার ৮৫৪টি আবেদন।
নতুন নীতিমালার অধীনে ২০২৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত ৫ হাজার ৯৭২ জন বিদেশি এমএম২এইচের অনুমতিপত্র পেয়েছেন। তাঁদের মধ্যে মূল আবেদনকারী ২ হাজার ১৩৪ জন এবং নির্ভরশীল পরিবারের সদস্য ৩ হাজার ৮৩৮ জন। অনুমতিপত্রধারীদের মধ্যেও চীনের নাগরিকদের সংখ্যা সর্বাধিক—৩ হাজার ৪১৪ জন। এরপর তাইওয়ানের ৬১১, হংকংয়ের ২৯২, সিঙ্গাপুরের ১৮৪ এবং যুক্তরাষ্ট্রের ১৭৪ জন রয়েছেন।
এমএম২এইচ কর্মসূচির মাধ্যমে মালয়েশিয়ার অর্থনীতিতে এসেছে উল্লেখযোগ্য অর্থ। ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত এ কর্মসূচিতে মোট ৮৮৫ কোটি রিঙ্গিতের অবদান এসেছে। এর মধ্যে ৫০০ কোটি রিঙ্গিতের বেশি আবাসিক সম্পত্তি কেনায় এবং ৩৮২ কোটি রিঙ্গিত স্থায়ী আমানত হিসেবে ব্যাংকে জমা হয়েছে।
২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির আওতায় ৭৪৪ জন বিদেশি মালয়েশিয়ায় বাড়ি কিনেছেন। তাঁদের মধ্যে চীনের ৩০৪, তাইওয়ানের ৯১, সিঙ্গাপুরের ৬৩, যুক্তরাষ্ট্রের ৪১, যুক্তরাজ্যের ৪০, হংকংয়ের ৩৪, অস্ট্রেলিয়ার ২৯ এবং বাংলাদেশের ১৯ জন রয়েছেন। এ ছাড়া আরও ২ হাজার ৬৩৭ জন বাড়ি কেনার প্রক্রিয়ায় রয়েছেন।
নতুন নীতিমালায় এমএম২এইচের চারটি শ্রেণি রয়েছে। প্লাটিনাম শ্রেণিতে ২০ বছর, গোল্ডে ১৫ বছর, সিলভারে পাঁচ বছর এবং বিশেষ অর্থনৈতিক বা আর্থিক অঞ্চল শ্রেণিতে ১০ বছর মেয়াদি বসবাসের অনুমতিপত্র দেওয়া হয়। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে অনুমতিপত্র নবায়ন করা যায়।
প্লাটিনাম শ্রেণির অনুমতিপত্রধারীরা চাকরি, ব্যবসা ও বিনিয়োগের সুযোগ পাবেন। তবে এ সুবিধা নিতে নির্ধারিত আর্থিক যোগ্যতা, সম্পত্তি কেনা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে।
এমএম২এইচ মালয়েশিয়ার নাগরিকত্ব কিংবা স্থায়ী বসবাসের অনুমতি দেয় না। এটি বিদেশিদের জন্য দীর্ঘমেয়াদি সামাজিক ভ্রমণ অনুমতিপত্র। মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন দেশের যোগ্য নাগরিকরা এ কর্মসূচিতে আবেদন করতে পারেন।
বাংলাদেশিদেরও এ কর্মসূচিতে অংশগ্রহণের দীর্ঘ ইতিহাস রয়েছে। ২০০২ থেকে ২০১৯ সাল পর্যন্ত পুরোনো কর্মসূচিতে ৪ হাজার ৩৩৫ জন বাংলাদেশি অংশগ্রহণ করেছিলেন। ওই সময়ে বাংলাদেশ তৃতীয় অবস্থানে ছিল। তবে এটি পুরোনো কর্মসূচির পরিসংখ্যান; নতুন নীতিমালার আবেদন বা অনুমোদনের সঙ্গে তা এক করে দেখার সুযোগ নেই।
নতুন নীতিমালার অধীনে ২০২৫ সালের শেষ পর্যন্ত ১৯ জন বাংলাদেশি মালয়েশিয়ায় বাড়ি কিনেছেন। এ সংখ্যা মোট অনুমতিপত্রধারী বাংলাদেশির সংখ্যা নয়। নতুন কর্মসূচিতে বাংলাদেশিদের মোট আবেদন, অনুমোদন ও বর্তমানে বসবাসকারীর পূর্ণাঙ্গ জাতীয়তাভিত্তিক তথ্য কর্তৃপক্ষ আলাদাভাবে প্রকাশ করেনি।




