আপাতত নতুন পে স্কেল বাস্তবায়ন হচ্ছে না
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৫, ৮:৩৪:১১ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : আপাতত নতুন পে স্কেল বাস্তবায়ন হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, নতুন পে কমিশন গঠন ও সরকারি কর্মচারীদের বেতন-ভাতার বিষয়ে পরবর্তী নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে। এ সরকারের আমলে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। গতকাল রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন।
দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি ইতিবাচক জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, সার্বিক দিকের অগ্রগতি ভালো। মূল্যস্ফীতি কিছুটা কমেছে, তবে এর বিপরীতে বাসাভাড়া ও পরিবহন ব্যয় বেড়েছে। আমরা চেষ্টা করছি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় মাত্রায় আনতে। তবে তিনি জোর দিয়ে বলেন, সামগ্রিকভাবে বাজারে পণ্যের দাম স্বাভাবিক রয়েছে এবং চালের দামও নিয়ন্ত্রণে রয়েছে।





